চট্টগ্রাম প্রতিনিধি
তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেল চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশু জান্নাতুল নিশা ইরা।
মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৭ বছর বয়সী শিশুটি।
ইরার চাচা মো. রমিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকাল ১০টার দিকে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে থাকা সহস্রধারা ঝরনার অন্তত ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধারে শিশুটি গলাকাটা অবস্থায় পড়ে ছিল। তখন তার গলা থেকে অনবরত রক্ত ঝরছিল।
ইকোপার্কের ভেতরের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা এমন অবস্থা দেখে পরনের কাপড় দিয়ে শিশুটির রক্ত বন্ধ করার চেষ্টা করেন। পরে তারা শিশুটিকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে নেওয়া হয় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে।
ভর্তির পর সেদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইরার গলার অস্ত্রোপচার করা হয়। পরদিন সোমবার তাকে নেওয়া হয় ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে না ফেরার দেশে চলে যায় শিশুটি।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। শিশুর মা বাদী হয়ে থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছেন। আমরা অপরাধীকে শনাক্তের চেষ্টা করছি।’










Discussion about this post