নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়ে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে ওই আসনের অন্য প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন।
এর আগে ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক। ওই আসনে নির্বাচনে বিজয়ী হন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।
এছাড়া এর আগে ২৫টিরও বেশি আসনের প্রার্থীরা নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের শুনানি গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার আওতায় নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।










Discussion about this post