নিজস্ব প্রতিবেদক
প্রতারণা ও জালিয়াতির মামলায় আত্মসমর্পণের পর সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তবে এ মামলার অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী জামিন পেয়েছেন।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন বৃহস্পতিবার শুনানি শেষে এই আদেশ দেন।
প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে আহমেদ জোবায়েরসহ ছয় জনের বিরুদ্ধে গত ১০ মে এ মামলা দায়ের করেন সৈয়দ আসাদুজ্জামান নামের এক ব্যক্তি।
আসামিদের ১৭ জুন আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। কিন্তু তারা হাজির না হওয়ায় বুধবার আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এ মামলার অপর দুই আসামি হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী ও মেয়ে সারাফ নাওয়ার জয়ীতা। তাদের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়।
ছয় আসামির মধ্যে চারজন বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন দাবি করেন, এই মামলাটি ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক’।
“সময় মিডিয়া লিমিটেডের মালিকানা ও পরিচালনা নিয়ে চলমান বিরোধের জেরে বাদী প্রতিশোধমূলকভাবে এই মামলা করেছেন। আসামিদের বিরুদ্ধে প্রতারণা বা অর্থ আত্মসাতের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং তারা তদন্ত ও বিচার কার্যক্রমে সম্পূর্ণ সহযোগিতা করবেন।”
শুনানি শেষে বিচারক আহমেদ জোবায়েরের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে তিন আসামিকে তিনি জামিন দেন।










Discussion about this post