ক্রীড়া প্রতিবেদক :
প্রথম বিভাগ হকি লিগ ২০২৩ (২০২৬)- এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ৩-২ গোলে ওয়ারী ক্লাবকে এবং দ্বিতীয় ম্যাচে ফরাসগঞ্জ এসসি ১-০ গোলে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘকে পরাজিত করে।
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব বনাম ওয়ারী ক্লাব ম্যাচ:
দিনের প্রথম ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গোল উৎসবের। ম্যাচের শুরু থেকেই দুদলই আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। খেলার ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চমৎকার গোলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তারেক। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া ওয়ারী ক্লাব ম্যাচের ১৮ মিনিটে ফিল্ড গোল করে খেলায় ১-১ সমতা ফেরায়। ওয়ারী ক্লাবের পক্ষে এই গোলটি করেন তাদের অধিনায়ক আজিজার।
সমতায় ফেরার পর ওয়ারী রক্ষণভাগে চাপ বাড়ায় ওয়ান্ডারার্স। ম্যাচের ২২ মিনিটে ওয়ান্ডারার্সের নূরে আলম একটি দুর্দান্ত ফিল্ড গোল করে দলকে পুনরায় ২-১ ব্যবধানে এগিয়ে নেন। আক্রমণের ধারা বজায় রেখে ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ওয়ান্ডারার্সের নূরে আলম। ফলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। এর পর ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল শোধ করে ওয়ারী ক্লাবের অধিনায়ক আজিজার ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন। শেষ কোয়ার্টারে ওয়ারী ক্লাব চেষ্টা করলেও আর কোনো গোল না হওয়ায় ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।
ফরাসগঞ্জ এসসি বনাম ওয়ারী ক্লাব ম্যাচ:
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ফরাসগঞ্জ এসসি ও মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ। রক্ষণভাগের দৃঢ়তায় ম্যাচের প্রথমার্ধ ও তৃতীয় কোয়ার্টার পর্যন্ত কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই খেলার ৫০ মিনিটে ডেডলক ভাঙেন ফরাসগঞ্জের ফরোয়ার্ডরা। পেনাল্টি কর্নার থেকে ফরাসগঞ্জ এসসির পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন আবদুল্লাহ জারিফ। শেষ পর্যন্ত এই ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে ফরাসগঞ্জ এসসি।
১৫ অক্টোবর বৃহস্পতিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ: কম্বাইন্ড এসসি বনাম ব্যাচেলর্স এসসি (দুপুর ১:১৫ মিনিট। দ্বিতীয় ম্যাচ: পি ডব্লিউ ডি এসসি বনাম ঢাকা ইয়ং স্টার ক্লাব (বিকাল ৩:১৫ মিনিট)









Discussion about this post