নিজস্ব প্রতিবেদক:
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতার উদ্যোগকে কেন্দ্র করে হেনস্তা, অপপ্রচার ও মনোনয়ন ফরম সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন ই-ক্যাব সদস্য হোসনেআরা নূরী নওরীন।
গত ১১ নভেম্বর ই-ক্যাব কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে একদল ব্যক্তি তাঁকে ঘিরে ধরে বিভিন্ন রাজনৈতিক অপবাদ দেন এবং শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। পরিস্থিতির অবনতি হলে নিরাপত্তার স্বার্থে তাঁকে থানায় আশ্রয় নিতে হয় বলেও জানান।
এ ঘটনায় দেওয়া এক আনুষ্ঠানিক প্রতিবাদলিপিতে নওরীন দাবি করেন, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। একজন উদ্যোক্তা ও ই-কমার্স খাতের সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা, উদ্যোক্তা উন্নয়ন ও নারী ক্ষমতায়নে কাজ করে আসছেন। তাঁর মতে, নির্বাচনে অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
প্রতিবাদলিপিতে তিনি ঘটনার পেছনে কারা জড়িত এবং কারা ইন্ধন দিয়েছে, তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রচারিত অভিযোগ ও ছবির যথাযথ প্রেক্ষাপট এবং নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ প্রকাশের আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি পেশাজীবী সংগঠনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রত্যেক যোগ্য সদস্যের অধিকার। রাজনৈতিক অপবাদ, ভয়ভীতি কিংবা শারীরিক হেনস্তার মাধ্যমে কাউকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নওরীন বলেন, তিনি কোনো প্রতিশোধ চান না; বরং প্রকৃত সত্য প্রকাশ, অন্যায়ের বিচার এবং একজন নাগরিক হিসেবে নিজের সম্মান, নিরাপত্তা ও ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে চান।









Discussion about this post