নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের (admission.ru.ac.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিকের পুনঃনিরীক্ষণ বা সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল (এক বা দুই বিষয়ে অকৃতকার্য) প্রকাশের পর আবেদন করার জন্য অতিরিক্ত পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে।
নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩ এবং মোট জিপিএ-৬ দশমিক ৫০ থাকতে হবে। অন্যদিকে বিজ্ঞান শাখার আবেদনকারীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩ দশমিক ৫০ এবং মোট জিপিএ-৭ দশমিক ৫০ থাকতে হবে।
এছাড়া জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেল মিলিয়ে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং তিনটিতে ন্যূনতম ‘সি’ গ্রেড থাকতে হবে।
দেশের আটটি বিভাগীয় শহরে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা কেন্দ্র বা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।










Discussion about this post