নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলার পর্যটন এলাকা ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসে সৃষ্ট দাউ দাউ আগুন টানা চার দিন অতিবাহিত হলেও ভয়াবহ এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে উখিয়া উপজেলা প্রশাসন।
ঘটনার পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের নেতৃত্বে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইনানী ছোটখাল সেতুসংলগ্ন একটি বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ প্রবেশ করানোর একপর্যায়ে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে শুরু করে। পরে সেই গ্যাসে আগুন ধরে যায়।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ২৯ অক্টোবর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাস্থলের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়।
একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকাটি কাঁটাতারের বেড়া ও লাল পতাকা দিয়ে ঘিরে রাখার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থল ও আশপাশে আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই কিংবা লাইটার ব্যবহারসহ আগুনের ঝুঁকি তৈরি করতে পারে এমন সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করলেও অব্যাহত গ্যাস নির্গমনের কারণে আগুন নেভানো সম্ভব হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করে বাপেক্সের বিশেষজ্ঞ দল জানিয়েছে, আপাতত জোরপূর্বক আগুন নেভানো কিংবা গ্যাস নির্গমনের পথ বন্ধ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে ভূগর্ভে গ্যাসের চাপ বেড়ে অন্য স্থান দিয়ে গ্যাস বেরিয়ে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী গ্যাসের নমুনা সংগ্রহ করে অন্তত ১৫ দিন এর প্রবাহ পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাকে বিভিন্ন নিরাপত্তা বলয়ে ভাগ করে পরিস্থিতি পর্যবেক্ষণের সুপারিশ করা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই ঘটনাস্থলের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তাবেষ্টনী নির্মাণের পাশাপাশি বাপেক্সের বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশাসনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে সতর্কবার্তা: ইনানীর গ্যাস নির্গমনের স্থান ও আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় কেউ ভিড় করবেন না। আগুন জ্বালানো, ধূমপান কিংবা দিয়াশলাই ও লাইটার ব্যবহার থেকে বিরত থাকুন। প্রশাসনের নির্দেশনা মেনে নিরাপদ দূরত্বে অবস্থান করুন। গত ৩০ শে অক্টোবর পেট্রোল বাংলা মহা পরিচালক সহ একাধিক টিম গ্যাস স্হল পরিদর্শন করেছেন। গ্যাস ও তেল রয়েছে বলে জানান টিমের প্রদান।










Discussion about this post