বিনোদন ডেস্ক
এবারের রোজার ঈদে মুক্তি পেয়েছে ৫ সিনেমা। এগুলো হলো— ‘প্রিন্স’, ‘রাক্ষস’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’। এরমধ্যে চারটি চলছে মাল্টিপ্লেক্সে। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে শুধু ‘প্রিন্স’।
এর আগের প্রতিবেদনে উঠে এসেছে সিঙ্গেল স্ক্রিনের হালচাল। এবার জানা যাক মাল্টিপ্লেক্সের খবর। সবাই নিজের ছবিকে সেরার তালিকায় রাখলেও আসলে এগিয়ে কোন ছবি? উত্তর খুঁজতে এ প্রতিবেদন।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘এখনও সবগুলো ছবি ভালো যাচ্ছে। দর্শক আসছেন। তবে ‘বনলতা এক্সপ্রেসে’র জার্নি লম্বা হবে বলে মনে হচ্ছে। দর্শকের আগ্রহ বেশি ছবিটি নিয়ে। ‘দম’ও মোটামটি ভালো যাচ্ছে। বাকিগুলোও যাচ্ছে মোটামুটি। শুরু থেকেই বিভিন্ন জটিলতার কারণে ‘প্রিন্স’ থেকে আশানুরূপ সাড়া পাইনি। এখনও সেরকমই আছে।’’
যমুনা ব্লকবাস্টারের মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, ‘‘এবারের ঈদের সবগুলো সিনেমায ব্যবসা করছে। তবে এগিয়ে আছে ‘বনলতা এক্সপ্রেস’। ওয়ার্কিং ডেতেও ভালো ব্যবসা করছে। হাউসফুল যাচ্ছে। প্রতিদিন পাঁচটি করে শো চলছে। দর্শক চাহিদা বিবেচনা করে আমরা একটি স্পেশাল শো দিয়েছি। ‘দাম’ও ভালো করছে। ‘রাক্ষস’ আর ‘প্রিন্স’ অ্যাভারেজ ব্যবসা করছে। ‘প্রেশার কুকার’ শুরু থেকেই আমাদের এখানে দর্শক কম পাচ্ছে। ছবিটা ভালো। কিন্তু দর্শক পাচ্ছে না। আশা করি সামনে ভালো যাবে। কেননা এখনও অনেকে গ্রামে রয়ে গেছেন। ছুটি কাটিয়ে ফিরে তারা হলমুখী হবেন বলে আশা করছি।’’
তার কথায়, ‘এবার ঈদে একটি রোমান্টিক সিনেমা থাকলে ভালো হতো। পারিবারিক ছবি আছে। অ্যাকশনধর্মী ছবি আছে। গল্প-ভিত্তিক ছবি আছে। প্রেমের ছবি থাকলে ষোলকলা পূর্ণ হতো বলে মনে করছি।’
ঢাকার অদূরে কেরানিগঞ্জে অবস্থিত লায়ন সিনেমার কর্ণধার মির্জা আব্দুল খালেক বলেন, ‘‘সবগুলো সিনেমা ধীর গতিতে চলছে। কেন যেন দর্শক কমে গেছে। আমার এখানে দর্শকের উপস্থিতি ৫০ শতাংশের কম। এরমধ্যে এগিয়ে রাখব ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রাক্ষস’কে। ছবি দুটি শুরুর দিকে আশানুরূপ দর্শক না পেলেও এখন ভালো যাচ্ছে। ‘দম’ও ভালোই যাচ্ছে। তবে ‘প্রেশার কুকারে’র একটি মাত্র শো চলছে। ছবিটি আমাদের এখানে দর্শক পাচ্ছে না। শুরুর দিকে অনেকগুলো শো দিয়েছিলাম ছবিটিকে। কিন্তু দর্শক চাহিদা না থাকায় কমতে কমতে এখন একটি মাত্র শো আছে। ‘প্রিন্স’ ভালোই চলছিল। তবে আরও ভালো ব্যবসা করা উচিত ছিল।’’
যে কারণে ‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এক্সপ্রেস’-এ সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেসে’র পরিচালক তানিম নূর। এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ প্রমুখ। ‘দম’ সিনেমায় আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরীকে নির্দেশনা দিয়েছেন রেদওয়ান রনি। ‘রাক্ষস’ সিনেমা বানিয়েছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের সঙ্গে দেখা গেছে ওপর বাংলার সুস্মিতা চট্টোপাধ্যায়কে।
‘প্রিন্স’ সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ ভূইয়া। এতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান। বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। রায়হান রাফীর ‘প্রেশার কুকারে’ একসঙ্গে দেখা গেছে শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা ও মারিয়া শান্তকে।










Discussion about this post