নিজস্ব প্রতিবেদক
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭১ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মোট ৪ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৩৯৪ জন।
অন্যান্য অঞ্চলের মধ্যে খুলনা বিভাগে ৩৪৯ জন, বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রাম বিভাগে ১৭৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪, রাজশাহী বিভাগে ১৫৩, ময়মনসিংহ বিভাগে ৮৩, রংপুর বিভাগে ৫৩ এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ডেঙ্গুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত জুলাই মাসে সারাদেশে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। আগস্টে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩ জনে। তবে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৬ দিনেই প্রাণ হারিয়েছেন ৭৪ জন। ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭১ জন মৃতের মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ৮০ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে ৮, রংপুরে ৩ এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।










Discussion about this post