নিজস্ব প্রতিবেদক :
এলপিজির দাম বাড়ার পর এবার বাড়ানো হলো বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম। অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৬৫ পয়সা থেকে ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) এক বার্তায় নতুন দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম ৭ অক্টোবর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে থাকা মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দরে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকসহ) ১৮২ টাকা ৭১ পয়সা। আগে এ দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকমুক্ত) ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।
এর আগে চলতি মাসে এলপিজির দামও বাড়িয়েছে বিইআরসি। ৪ অক্টোবর বেসরকারি খাতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৭৯৩ টাকা নির্ধারণ করা হয়। সেপ্টেম্বর মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৪১ টাকা। নতুন দাম ওই দিন সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর করা হয়।
অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। সেপ্টেম্বরে প্রতি কেজি এলপিজির দাম ছিল ১৩২ টাকা ৮ পয়সা। ফলে প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা ৯৮ পয়সা।
এর আগে ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দামও বাড়ানো হয়। ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন দরে ডিজেলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।










Discussion about this post