নিজস্ব প্রতিবেদক
কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকালে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের ফাঁকে তিনি এ কুশল বিনিময় করেন।
এ সময় তিনি ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের প্রধান হাসিম জোজোহাদিকুসুমো, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশের সঙ্গে কুশল ও সৌজন্য বিনিময় করেন।
তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে আন্তালিয়ার সম্মেলনস্থলে এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
এর আগে, তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সফরের অংশ হিসেবে গতকাল তুরস্কের আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যৌথ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।










Discussion about this post