ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্বরণে ও নামকরণে আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ২০২৬ (শুক্রবার, শনিবার ও রবিবার) ঢাকার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে ‘কোকো ১৮তম জাতীয় সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবারের সামার এ্যাথলেটিক্সে দেশের ৩৭টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৭টি সামরিক ও বেসামরিক বাহিনী, ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ২টি শারীরিক শিক্ষা কলেজ, বিকেএসপি, ডাক বিভাগ ৫৭টি সংস্থার ৫৬৫জন এ্যাথলেট (পুরুষ ৪৩১জন ও মহিলা ১৩৪জন) ও ১১০জন ম্যানেজার/কোচ অংশগ্রহণ করছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৩ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের।
উক্ত প্রতিযোগিতা উপলক্ষে বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আলী ইমাম তপন, যুগ্ম-সম্পাদক মোঃ মনজুর মোরশেদ ও মাহবুবুল আলম টুকু এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আনোয়ার গ্রুপের চীফ মার্কেটিং অফিসার, বিএমডি আনোয়ার গ্রুপ ইন্ড্রাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) গালিব মোহাম্মাদ সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিন ব্যাপি এবারের প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৪০টি ইভেন্টে অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৮টি ইভেন্ট। প্রতিযোগিতার রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিং এর জন্য ইলেকট্রনিক্স ফটোফিনিশিং মেশিন এর ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিটি ইভেণ্টের ফলাফল আধুনিক সফটওয়ারের মাধ্যমে অনলাইনে দেখানো হবে। প্রতিযোগিতার ৭টি থ্রো ইভেন্ট আগামী ২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, বনানী, ঢাকায় অনুষ্ঠিত হবে। ম্যারাথন ইভেন্ট ২৪ অক্টোবর শনিবার ভোর ৫ টায় পূর্বাচলের ৩০০ফিট রোডে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী অ্যাথলেটদের ফেডারেশনের পক্ষ থেকে ৬ হাজার, ৫ হাজার ও ৩ হাজার করে অর্থ পুরস্কার দেওয়া হবে এবং রেকর্ডধারী অ্যাথলেটদের ২০ হাজার টাকা অর্থ পুরষ্কার দেওয়া হবে। এবারের সামার এ্যাথলেটিক্সের সেরা এ্যাথলেটকে এক্সপলয়েট কোম্পানীর পক্ষ থেকে একটি ১০০সিসি ইলেকট্রনিক্স বাইক পুরষ্কার হিসেবে দেওয়া হবে। সেরা এ্যাথলেট নির্বাচন করবে ফেডারেশনের তিন সদস্যের কমিটি।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি জাবের বলেন, ‘দেশের এ্যাথলেটিক্স উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি, যার প্রথমটি হচ্ছে এবারের কোকো ১৮তম সামার এ্যাথলেটিক্স আয়োজন। এছাড়া আমরা এ্যাথলেটিক্সের স্থায়ী ভেন্যু নির্মাণ নিয়ে কাজ করে যাচ্ছি। ভেন্যুর জন্য আমরা পল্টনস্থ হ্যান্ডবল স্টেডিয়ামের পাশে থাকা কয়েক কাঠা জমিকে আপাতত বিবেচনায় রেখেছি।’ তিনি আরো বলেন,‘ ১৩ টি জেলাকে ট্যালেন্ট হান্টের জন্য নির্বাচন করেছি, পর্যায়ক্রমে বিভিন্ন জেলাকে এই কার্যক্রমের জন্য অন্তর্ভূত করা হবে।’
সাধারণ সম্পাদক আলী ইমাম তপন বলেন, কোকো ১৮তম জাতীয় সামার এ্যাথলেটিক্স খেলা শেষে আমরা দীর্ঘমেয়াদি ক্যাম্প আয়োজনের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিবো। আসন্ন এসএ গেমসে আমাদের লক্ষ্য ১০টি পদক জয়। যার মধ্যে ২টি দুটি স্বর্ণপদক আশা করছি আমরা। লক্ষ্য পূরণে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে ভালো মানের এ্যাথলেট বের করে আনবো।
এবারের কোকো ১৮তম জাতীয় সামার এ্যাথলেটিক্স প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ এবং পাওয়ার্ড বাই ‘আনোয়ার ইস্পাত’। প্লাটিনাম স্পন্সর হিসেবে পাশে রয়েছে ওরিয়ন গ্রুপ, কাই এ্যালুমিনিয়াম, শেলটেক, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, আলফা এলিভেটর এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ, গনি গ্রুপ, নোমান গ্রুপ, একেএস, রুপালী ব্যাংক লিঃ, প্রাণ গ্রুপ ও সামির এন্টারপ্রাইজ। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে স্টিলটেক, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, আনোয়ার সিমেন্ট, সেজান, আনোয়ার সিমেন্ট শীট, ঢাকা ওয়াসা, বুয়েট, এ্যালটেক এ্যালুমিনিয়াম, এক্সপলয়েট ও প্রোফম।










Discussion about this post