আব্দুর রহমান মোল্লা, গফরগাঁও প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ব্ল্যাকমেইল এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের এক চাঞ্চল্যকর ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে গফরগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ২০ থেকে ২৫ বছর বয়সী পাঁচ যুবক পানি পান করার অজুহাতে ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ও তার মাকে জিম্মি করে ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা এবং মূল্যবান স্বর্ণালংকার লুট করে নেয় দুর্বৃত্তরা।
লুটপাটের একপর্যায়ে ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং পুরো ঘটনার ভিডিওচিত্র ধারণ করা হয়। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করে অপরাধীরা এই পৈশাচিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মঙ্গলবার সকালে চর কালিবাড়ি এলাকায় মামলার প্রধান আসামি শরীফের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। পরবর্তীতে সন্ধ্যায় অপর আসামি ফাহিম, রাজিব ও এনামুলের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে; এতে চারটি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য ঘটনার বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি রাজিবকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনতা যাতে আইন নিজেদের হাতে তুলে না নেয়, সে বিষয়ে আহ্বান জানিয়ে অপরাধীদের গ্রেফতারে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।
সমাজের সর্বস্তরের মানুষ এই নৃশংস অপরাধে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হয়।










Discussion about this post