বিনোদন ডেস্ক
স্ত্রী গৌরী খানের কঠোর নিয়মে নিজের বাড়িতে কোনো কথাই চলে না শাহরুখ খানের। এমনকি বাড়ির ওয়াইফাই, সাজসজ্জা কিংবা খাবার নিয়েও অভিযোগ করার সুযোগ নেই তার। দুবাইয়ে একটি অনুষ্ঠানে সংসারের এমন মজার গল্প শুনিয়ে অতিথিদের হাসিতে মাতান বলিউড বাদশাহ।
সম্প্রতি দুবাইয়ের মেরিটাইম সিটিতে ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ নামের একটি বিলাসবহুল আবাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন শাহরুখ। প্রকল্পটিতে গৌরী খানের নকশা করা বিলাসবহুল পেন্টহাউসও রয়েছে। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর।
মঞ্চে আড্ডার একপর্যায়ে করণ শাহরুখকে প্রশ্ন করেন, নিজের বাড়িতে এমন কী কাজ রয়েছে, যা করার অনুমতি তিনি পান না? উত্তরে মজা করে শাহরুখ বলেন, বাড়ির ভেতরে ঢুকলে তার নিজের কিংবা সন্তান আরিয়ান ও সুহানার কোনো কথাই চলে না।
শাহরুখ বলেন, তাদের বাড়িতে গৌরীর সাজসজ্জা নিয়ে কোনো মন্তব্য করা যায় না। এমনকি ওয়াইফাই নিয়ে অভিযোগ করা কিংবা বিছানায় বসে খাবার খাওয়ারও অনুমতি নেই। বাড়ির দেয়ালের রং, ছবি, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা নিয়েও কিছু বলার সুযোগ নেই।
অভিনেতার ভাষায়, বাড়িতে সবাইকে চুপচাপ বসে থাকতে হয়। শুধু বলতে হয়, ‘গৌরী, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ!’ দুবাইয়ের নতুন পেন্টহাউসে গেলেও তাকে একই কথা বলতে হবে বলে রসিকতা করেন শাহরুখ। তিনি আরও বলেন, বাড়ির বাইরে থাকলে তিনি, আরিয়ান ও সুহানা বেশ আনন্দ করেন। কিন্তু বাড়িতে ঢুকলেই যেন তাদের কিছু করার থাকে না।
এরপর করণ জোহর জানতে চান, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী, কাকে বেশি ভয় পান শাহরুখ? প্রশ্নের জবাবে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর সংলাপ শোনান অভিনেতা। মাইক্রোফোন হাতে নিয়ে গর্জন করে বলেন, ‘হাজার মুলকো মে বদনাম, অউর দুনিয়া নে দিয়া এক হি নাম। অউর ও পতা হ্যায় কিউ? কিউঁকি ম্যায় ডর নহি, দেহশত হুঁ।’
অর্থাৎ, হাজার দেশে বদনাম হলেও পৃথিবী তাকে একটি নামেই চেনে। আর সেই নামের কারণ, তিনি ভয় নন, আতঙ্ক। অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তরা। মঞ্চে করণ জোহর তাকে ‘কিং খান’ বলে পরিচয় করিয়ে দেন। এ সময় ‘কিং’ সিনেমার ‘তু মিল জায়ে’ গানে তাৎক্ষণিক নাচেও অংশ নেন অভিনেতা।
অনুষ্ঠানের আরেকটি পর্বে আবাসন প্রকল্পের অংশীদারের সঙ্গে মজার কথোপকথনে অংশ নেন শাহরুখ। মাইক্রোফোন চাওয়া হলে সেটি এগিয়ে দিয়ে বলেন, ‘আপ ঘর বানাতে রহিয়ে, মাইক হাম দিতে রহেঙ্গে।’ অর্থাৎ, আপনারা বাড়ি তৈরি করতে থাকুন, মাইক্রোফোন আমরা দিয়ে যাব।
দুবাইয়ের মেরিটাইম সিটিতে অবস্থিত ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ প্রকল্পে শাহরুখের আন্তর্জাতিক পরিচিতির পাশাপাশি গৌরী খানের ইন্টেরিয়র ডিজাইনের নকশাও তুলে ধরা হয়েছে। এদিকে কাজের ক্ষেত্রে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিং’-এ দেখা যাবে শাহরুখকে। ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। এতে তার সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আরও রয়েছেন সুহানা খান, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় ভার্মা।
সূত্র: ইন্ডিয়া টুডে
===================
কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই
কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাসায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
জ্যোতিপ্রকাশ দত্ত সংবাদমাধ্যমকে জানান, পারকিনসন্স রোগে আক্রান্ত পূরবী বসু দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। একবার স্ট্রোকও হয়েছিল তার। এছাড়া অতীতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে নানা শারীরিক জটিলতা ছিল।
স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন পূরবী বসু।
পূরবী বসুর জন্ম ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন তিনি। দীর্ঘদিন বিদেশে থাকার পর এক ওষুধ প্রস্তুতকারক কোম্পানির উচ্চপদে দেশে ফিরে আসেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
বিজ্ঞানের পাশাপাশি বাংলা সাহিত্যেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পূরবী বসু। তার লেখায় নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম উঠে এসেছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টির বেশি।
পূরবী বসুর বইয়ের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।
সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান পূরবী।









Discussion about this post