চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে কুমিল্লার বুড়িচং উপজেলার একটি মাদরাসার শিক্ষা সফরের বাস। দুর্ঘটনায় এক শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকা পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম।
নিহতরা হলেন-মাদরাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)।
দুর্ঘটনাকবলিত বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। একই শিক্ষাসফরে থাকা অন্য একটি বাসের যাত্রীরা দুর্ঘটনার খবর দেন।
জানা গেছে, চলন্ত অবস্থায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের একটি ইটভাটার শ্রমিকরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। পরে আহত ব্যক্তিদের কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে গেলে দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হন। ভোরে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।










Discussion about this post