প্রযুক্তি ডেস্ক
কোনো নির্দিষ্ট নির্দেশ ছাড়াই ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থায় হ্যাক করার চেষ্টা চালিয়েছে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এজেন্ট। সাধারণ তথ্য সংগ্রহের কাজ করতে গিয়ে বাধা পেয়ে স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটের নিরাপত্তা প্র্রাচীর ভাঙার এই প্রবণতা প্রযুক্তি বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
চলতি বছরের মে ও জুন মাসে ওপেনএআইয়ের কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট সাধারণ ডেটা সার্চের কাজ করার সময় এই কাণ্ড ঘটায়। গবেষকদের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করার সময় কোনো কম্যান্ড ছাড়াই ওপেনএআইয়ের এজেন্টরা অন্য ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা বা ত্রুটি খুঁজে সেখানে ঢোকার চেষ্টা করে। এর মধ্যে একটি অস্ট্রেলিয়ান সরকারি ওয়েবসাইটও ছিল বলে জানা গেছে।
আমেরিকার ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর ডিজিটাল লাইব্রেরি, কর্মসংস্থান বিষয়ক ওয়েবসাইট ডাটা ইউএসএ এবং অস্ট্রেলিয়ার মেডিকেয়ার স্ট্যাটিস্টিক্স রিপোর্টিং সার্ভিসের ওয়েবসাইটে এ ধরনের ঘটনা ঘটেছে। ১৮ জুন অস্ট্রেলিয়ার সরকারি পোর্টালে কোনো কম্যান্ড ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট প্রবেশ করে এবং কিছু ফাইল অ্যাক্সেস করে। তবে ব্যক্তিগত কোনো তথ্য চুরির প্রমাণ না মিললেও সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ় এই ঘটনার তদন্ত শুরু করেছেন এবং ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যানের সঙ্গেও কথা বলেছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে শুরুতে কোনো হ্যাকিংয়ের নির্দেশ দেওয়া হয়নি, বরং এর উদ্দেশ্য ছিল সাধারণ তথ্য সংগ্রহ করা। কিন্তু তথ্য সংগ্রহে বাধা পাওয়ার পর এজেন্টগুলো বিকল্প পথ খুঁজতে গিয়ে নিজে থেকেই ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করতে শুরু করে। গুগলের পর এবার ওপেনএআইয়ের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটায় ভবিষ্যতে এই প্রযুক্তিকে কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তা নিয়ে প্রযুক্তি মহলে বড় প্রশ্ন তৈরি হয়েছে।










Discussion about this post