নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে ফাঁকা হয়ে গেছে চিরচেনা যানজটের নগরী ঢাকা। ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে মানুষ। প্রতিদিনের মতো রাস্তায় নেই সারি সারি গণপরিবহন। নেই কর্মজীবী মানুষের চিরচেনা ব্যস্ততাও। চিরচেনা রাজধানী এখন অনেকটাই শান্ত ও ভিন্ন আমেজে রূপ নিয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মতিঝিল, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার, বাংলামোটর, ফার্মগেট, হাতিরঝিল এলাকা, রামপুরা, বাড্ডা, বনানী, কুড়িল বিশ্বরোড়, খিলক্ষেতসহ বিভিন্ন সড়ক সরেজমিনে ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে।
ধানমন্ডির বাসিন্দা সাইফুল আলম ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে দুপুরের খাবার খেতে বের হন। তিনি জানান, ছুটির কারণে ঢাকা ফাঁকা হয়ে গেছে। ফাঁকা ঢাকায় পরিবারের সঙ্গে একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি। দুপুরে একটি ভালো রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া সেরে কয়েকটি বিনোদনকেন্দ্র ঘুরে বাসায় ফিরব। কারণ, স্বাভাবিক সময়ে এমন ফাঁকা ঢাকা পাওয়া যায় না।
মুকুল নামের এক পথচারী জানান, স্বাভাবিক সময়ে ধানমন্ডি-২৭ থেকে মিরপুর-১০ যেতে প্রায় এক ঘণ্টা লাগে। বাসে যাত্রীদের ঠাসাঠাসি থাকে, আসন পাওয়াও কষ্টকর হয়। তবে আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বাসে উঠে বসতে পারলে ২০ মিনিটের মধ্যে মিরপুর-১০ পৌঁছে যাওয়া যাব। আবার আসন পেতেও কষ্ট হবে না। ফুটপাত দিয়ে হাঁটতেও বেগ পেতে হচ্ছে না। অন্য দিনগুলোতে প্রতিযোগিতা করে ফুটপাতে হাঁটতে হতো।
কয়েকজন বাসচালকের সঙ্গে কথা হলে তারা জানান, ছুটির কারণে যাত্রীদের তেমন ভিড় নেই। স্বাভাবিক সময়ে যেখানে যাত্রীরা বাসে ঠেলাঠেলি করে উঠতেন, আজ তেমন পরিস্থিতি নেই। আসনের জন্য কাউকে অপেক্ষা করতে হচ্ছে না। বরং অনেক আসন ফাঁকাই থাকছে।
বিজয়নগর এলাকার বাসিন্দা আজাদ ইকবাল জানান, এমন পরিস্থিতিতে কয়েক দিন ঢাকায় নির্বিঘ্নে চলাচল করা যাবে। ছুটি শেষ হলে আবারও চিরচেনা রূপে ফিরবে এই শহর। তবু সাময়িক এই স্বস্তি উপভোগ করছেন বলেও জানান তিনি।










Discussion about this post