নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এসআরবির সদস্যরা রোববার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি এসকেন শেখ (৩৫) ও তার ভাই নয়ন শেখকে (২২) গ্রেফতার করেন। তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে এসকেন একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী এলাকা থেকে এসকেন শেখকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন। এসকেন, তার ভাই নয়ন ও বাবা বাবলু শেখসহ তাদের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ (হাতকড়া) এসকেনকে ছিনিয়ে নেয়।
এ সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন তারা। আহত পুলিশ কর্মকর্তা মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরেরদিন সকালে পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙ্গা হাতকড়াটি উদ্ধার হলেও এসকেনসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী জানান, পুলিশের ওপর হামলা মামলার ঘটনায় এসকেন শেখসহ ২৩জনকে আসামি করে মামলা দায়ের হয়। মামলার প্রধান আসামি এসকেনসহ তার ভাই নয়নকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় আটজন গ্রেফতার হয়েছেন। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। #










Discussion about this post