রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) আকতার হোসেন জানান, ডিবির গুলশান বিভাগের একটি দল বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে রমনা থানার সেগুনবাগিচা-২০ এলাকার ২/এ নম্বর বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে।
জানা গেছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী এজাহারভুক্ত আসামি। ২৭ সেপ্টেম্বর করা ওই মামলায় তিনি চার নম্বর এজাহারভুক্ত আসামি।
মামলার এজাহারে বলা হয়, পূর্বশত্রুতার জেরে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে এক নম্বর আসামি শাহরিয়ার মাহমুদের ইন্ধন ও নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই প্রকল্পে হামলা চালায়। তাদের হাতে পিস্তল, শটগান, রিভলবার, চাপাতি, রামদা, ছুরি, রড ও লাঠিসোঁটা ছিল। সন্ত্রাসীরা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করতে কয়েক দফা গুলি ছোড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ।










Discussion about this post