নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বিস্ফোরণ কিংবা পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি বিচার করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকার ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির কাছে একটি গাড়ির ছাদের ওপর ককটেল বিস্ফোরণ হয়েছে। এ কারণে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে গেছে; এমন বলা যায় না।’
তিনি আরও বলেন, ‘রাতের অন্ধকারে অথবা ভোরে কোথাও কোনো পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপার নেই, এমন কোনো গাড়িতে আগুন দেওয়া হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না। এই দুই-একটি প্রতীকী ঘটনা একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ—এমন বলা আমার মনে হয় যৌক্তিক নয়।’
বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা সরকারের ব্যর্থতার কথা বলেছেন এবং বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তার এ অবস্থানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিরোধী দল সক্রিয় থাকলে তা ভালো। সরকারও বিরোধী দলের সহযোগিতা চায়। অতীতেও বিরোধী দলের কাছ থেকে সহযোগিতা পাওয়া গেছে।
তবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না, সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশের ভেতরে কারা তাদের সহযোগিতা করছেন, এসব প্রশ্ন সরকারকে করা হচ্ছে।
তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরে কারা কারা এর সঙ্গে জড়িত, কারা ইন্ধন দিচ্ছে—এসব বিষয় আমরা খতিয়ে দেখছি। বিরোধীদলীয় নেতা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি যদি সংশ্লিষ্ট ফোন নম্বর এবং কী ধরনের বার্তা দেওয়া হয়েছে, তা আমাদের জানান, তাহলে আমরা তদন্ত করে দেখবো।’
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির জন্য দেশের বাইরে থেকে নীলনকশা করা হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পেছনে দেশের ভেতরেও বিনিয়োগ করা হয়েছে বলে সরকার মনে করে জানিয়ে তিনি বলেন, সরকার সফলভাবে সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বল প্রয়োগ করেনি। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরাই আহত হয়েছেন। তাদের এমনভাবে উসকানি দেওয়া হয়েছে, যাতে তারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে বসে এবং সেটিকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা তৈরির সুযোগ সৃষ্টি হয়। আমরা সচেতনভাবে সেই সুযোগ দিইনি।’
শিল্পাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের কিছু এলাকায় শিল্পকারখানা রয়েছে। এসব এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি যাতে ব্যাহত না হয় এবং শ্রমিকেরা যাতে বেকার হয়ে না পড়েন, সে জন্য সরকার কাজ করছে।
তিনি জানান, শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। তারা সবাই সহযোগিতা করছেন। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের দোসর শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। কয়েকজন শিল্প মালিকের সহযোগিতাও তারা পেয়েছেন বলে সরকার লক্ষ্য করেছে। তবে সেই চেষ্টা সফল হয়নি।









Discussion about this post