নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বাংলাদেশ জয় পেয়েছে এবং ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। মিরপুর স্টেডিয়ামে ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয় তুলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব। বাংলাদেশ ক্রিকেট দলের নজরকাড়া পারফরমেন্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্য জয়যাত্রা অব্যাহত থাকবে।
একই সময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকও বাংলাদেশের জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, খেলোয়াড়দের অদম্য স্পৃহা ও লড়াকু মানসিকতায় আমি অত্যন্ত গর্বিত। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় আমাদের ক্রিকেটের ইতিহাসে অনন্য মাইলফলক। মাঠে খেলোয়াড়রা যে ধৈর্য ও সাহসিকতা দেখিয়েছে, তা পুরো জাতিকে আনন্দিত করেছে।
প্রতিমন্ত্রী খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও চলবে এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ শক্তিশালী দল হিসেবে আরও সুসংহত অবস্থান করবে।










Discussion about this post