নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজায় কেউ যদি নিরাপত্তা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক এলাকার পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনা করেন।
ডিএমপি কমিশনার সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা শহরের ২৫৪টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবারের পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তবে কেউ যদি নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করে, তাহলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, আগামীকাল প্রতিমা বিসর্জনের দিনেও ভক্তরা যেন শান্তিপূর্ণভাবে উৎসবে অংশ নিতে পারেন, সে জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পূজার প্রতিটি আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, বাংলাদেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা পরস্পরের ভাই-বোনের মতো বসবাস করে আসছে। এই সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যেন পরবর্তী প্রজন্মও এই ঐতিহ্য ধরে রাখতে পারে।










Discussion about this post