নিজস্ব প্রতিবেদক
জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে কোটি টাকার ঘুষ দাবি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি বলেন, এ ঘটনায় আমরা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছি। আমরা কাজ করছি। এরই মধ্যে গণমাধ্যমে ফাঁস হওয়া অডিও রেকর্ডের সত্যতা আমরা পেয়েছি। এখানে তাদের দুজনেরই কথা রয়েছে। তবে তাদের মধ্যে কোনো লেনদেন হয়েছে কিনা তা খতিয়ে দেখছি।
চিফ প্রসিকিউটর বলেন, বিষয়টি জানার পরই আমরা সাইমুম রেজাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম। এরপরই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগ করা সত্ত্বেও এ নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। খুব দ্রুতই আমরা প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত সত্যতা প্রকাশ করবো।
এর আগে, ৯ মার্চ পদত্যাগ করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। ওই দিনই তার দুটি মোবাইল ফোনালাপ আসে গণমাধ্যমে। অডিও এসব কথপোকথনে চট্টগ্রাম-৬ আসনের তৎকালীন এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর জামিনের বিনিময়ে এক কোটি টাকা দাবি করতে শোনা যায় তাকে। ফোনের ওপারে ছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী সাংসদের আইনজীবী রিজওয়ানা ইউসূফ।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ফজলে করিমসহ ২২ জনকে আসামি করা হয়েছে। গত ৫ এপ্রিল তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। ৭ এপ্রিল অভিযোগটি আমলে নেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।









Discussion about this post