বিনোদন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধিতার অভিযোগ উঠেছে। একটি পক্ষ ফেসবুকে সিনেমাটি প্রদর্শন না করার আহ্বান জানিয়ে প্রচার চালাচ্ছে।
এ অবস্থায় সিনেমা প্রদর্শনী আপাতত স্থগিত করেছে প্রশাসন। আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমাটি প্রদর্শনের কথা ছিল।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবু সাঈদ এ বিষয়ে বলেন, সিনেমা প্রদর্শনীর বিষয়টা এখন জাতীয় ইস্যু হয়ে গেছে। যারা সিনেমাটির প্রদর্শনী বন্ধে ফেসবুকে পোস্ট করেছেন, তারা বিভিন্ন রকম ক্ষোভ প্রকাশ করছেন। এমতাবস্থায় আগামীকাল প্রদর্শনী করতে দেওয়াটা সমীচীন হবে না। তাই আপাতত স্থগিত। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনেমাটির প্রদর্শনীর আয়োজনের কথা ছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করে আসছে।তবে প্রদর্শনীর ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিরোধিতা শুরু হয়। বিষয়টি নিয়ে অনলাইনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
এ প্রসঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’-এর নির্মাতা তানিম নূর গণমাধ্যমকে বলেন, ‘কিছুদিন আগে আমার নিজের এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ফিল্ম সোসাইটি থেকে একটি ছেলে আমার সঙ্গে যোগাযোগ করে জানায়, তারা সিনেমাটি দেখাতে চায়। আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু গতকাল ফেসবুকে দেখলাম, বেশ কয়েকজন পোস্ট দিচ্ছে, একটি পক্ষ নাকি বলছে সেখানে সিনেমা নিষিদ্ধ, চালানো যাবে না। বাংলাদেশের আইন অনুযায়ী সেন্সর পাওয়া কোনো ছবি যেকোনো জায়গায় দেখানো যাবে।
ক্ষোভ প্রকাশ করে নির্মাতা আরো বলেন, ‘তারা আমার ছবির পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে প্রচার করছে, উগ্রবাদী কথাবার্তা বলছে। এটা তো তারা করতে পারে না। এটা পুরোপুরি বেআইনি।’










Discussion about this post