নিজস্ব প্রতিবেদক:
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের লক্ষে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সকাল ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এই প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামোও উন্নয়ন করা হবে। এর মূল লক্ষ্য মোংলা বন্দরের অপারেশনাল সক্ষমতা বহুগুণ বাড়িয়ে বন্দরসেবাকে আরও আধুনিক ও সময়োপযোগী করা।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠান
এর আগে একদিনের সরকারি সফরে সড়ক ও আকাশপথে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে সকালে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছানোর পর তিনি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন।
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোনস বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনা পক্ষের প্রতিনিধিত্বকারী চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস এবং মানবসম্পদ উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারিত হবে।









Discussion about this post