নিজস্ব প্রতিবেদক
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কক্সবাজারের রামুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ‘রোপা আমন’ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৯ শে জুন রামু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রান্তিক কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরি এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ।
অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন ও তত্ত্বাবধানে ছিলেন রামু উপজেলা কৃষি অফিসার সুশান্ত দেব নাথ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রান্তিক কৃষকদের সঠিক সময়ে বীজ ও সার সরবরাহ করে তাদের পাশে দাঁড়াতে সরকার সবসময় বদ্ধপরিকর। বিনামূল্যে এই প্রণোদনা পাওয়ার ফলে কৃষকরা আরও উৎসাহের সাথে রোপা আমন চাষ করতে পারবেন, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে থাকা উপজেলা কৃষি অফিসার সুশান্ত দেব নাথ কৃষকদের উদ্দেশ্যে ধানের সঠিক পরিচর্যা ও সার প্রয়োগের নিয়মাবলি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, প্রণোদনা কর্মসূচির মাধ্যমে রামুর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন এবং রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। কৃষি উপকরণ হাতে পেয়ে কৃষকদের চোখেমুখে স্বস্তির ছাপ দেখা যায়।










Discussion about this post