নুরুল ইসলাম সেলিম, রামু:
কক্সবাজারের রামুতে পূর্বশত্রুতা ও বসতবাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ হোসেন নামে এক মালয়েশিয়া প্রবাসীকে মারধরের অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের স্ত্রী ও ভাতিজাসহ কয়েকজনের বিরুদ্ধে। একই ঘটনায় বসতবাড়ি ভাঙচুর এবং মোটরঘরে আগুন দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ঘটনাটি ঘটেছে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পাইনবাগান এলাকায়। এ ঘটনায় আহত মোহাম্মদ হোসেন ২৯ জুলাই রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। তবে অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।
ভুক্তভোগী মোহাম্মদ হোসেন পাইনবাগান এলাকার নুর আহাম্মদের ছেলে। তিনি জানান, দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার কারণে বাড়ির সীমানা নিয়ে তার আপন ভাই ও ভাইপোদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সীমানা নির্ধারণকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে তার বড় ভাইয়ের স্ত্রী রুমানা আক্তার, ভাতিজা মাহিনসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
হোসেনের অভিযোগ, হামলাকারীরা প্রথমে বসতবাড়িতে ভাঙচুর চালান এবং একটি মোটরঘরে আগুন ধরিয়ে দেন। এ ঘটনার প্রতিবাদ করলে তারা তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন।
পরে স্থানীয়রা আহত মোহাম্মদ হোসেনকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান বলে জানান ভুক্তভোগী।
এদিকে, ঘটনার বিষয়ে অভিযুক্ত রুমানা আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে উল্টো মোহাম্মদ হোসেনের বিরুদ্ধেই দায় চাপান।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তাকে হয়রানি করতে উল্টো আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে আদালতে দায়ের করা মামলার নথি ও অভিযোগের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পারিবারিক ও সীমানা বিরোধের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগগুলোর বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে।










Discussion about this post