নিজস্ব প্রতিবেদক
লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে তিন নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর দীর্ঘদিন ধরে তারা ওই ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিতভাবে সমুদ্রপথে বিদেশ যাওয়ার চেষ্টা অনেক সময় মৃত্যু, নিখোঁজ, জিম্মি বা আটকের কারণ হয়ে দাঁড়ায়। আটক ব্যক্তিদের দীর্ঘ সময় ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে থাকতে হয়।
দালাল ও মানবপাচারকারীদের প্ররোচনায় পড়ে অনিয়মিত পথে বিদেশ যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের শনাক্তকরণ, কনস্যুলার সহায়তা এবং দেশে ফেরত পাঠাতে দূতাবাস নিয়মিতভাবে কাজ করছে। এ জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।
দূতাবাস জানিয়েছে, বেনগাজীর গানফুদা ও ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক অন্যান্য বাংলাদেশিকেও দ্রুত দেশে ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।









Discussion about this post