নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবী এলাকায় একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) রাতে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পল্লবী থানার সেকশন–৬ এলাকার ওই ফ্ল্যাটে তিনি দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, মরদেহ উদ্ধারের পর থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। পারিবারিক বিরোধের কারণে প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে এসে ওই ফ্ল্যাটে একা বসবাস শুরু করেন।
পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ সর্বশেষ ২৬ মে রাতে তার ভাতিজা মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।
এদিকে একই এলাকায় সম্প্রতি আরেকটি মরদেহ উদ্ধারের ঘটনায়ও চাঞ্চল্য তৈরি হয়েছে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।










Discussion about this post