নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সরকারি সাতটি কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত খসড়া অধ্যাদেশ নিয়ে আজ বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনে অধ্যাদেশের কাঠামো, একাডেমিক ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এ বৈঠকে আলোচনার কথা রয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে আজকের বৈঠকে পর্যালোচনা করা হবে।
অন্যদিকে খসড়া অধ্যাদেশ প্রণয়নের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রস্তুতের কাজ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। অংশীজনদের কাছ থেকে পাওয়া মতামতগুলো যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।
ওই কর্মকর্তা আরও জানান, শিক্ষার্থীরা যেন একটি সুন্দর ও অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা করতে পারেন, সে বিষয়টি সামনে রেখেই অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে তাড়াহুড়া না করে ধাপে ধাপে কাজ করা হচ্ছে।










Discussion about this post