নিজস্ব প্রতিবেদক:
উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর আকাশপথে যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ডকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
আজ বৃহস্পতিবার (৭ মে) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁদের সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
উক্ত পরিদর্শন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন, রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিমান মন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশের উত্তরাঞ্চল কৃষি, শিল্প ও পর্যটন খাতে অত্যন্ত সম্ভাবনাময়। এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি এবং সেই লক্ষ্যেই এই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আন্তর্জাতিক বিমান, কার্গো বিমান এবং অভ্যন্তরীণ বিমান এখানে উঠানামা করবে। এতে এই অঞ্চলের মানুষের উৎপাদিত কৃষি পণ্যসহ বগুড়ার লাইটিং ইঞ্জিনিয়ারিং শিল্প বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।
বিমান বাহিনী প্রধান আরও জানান, বগুড়া এয়ারফিল্ড সামরিক ও বেসামরিক—উভয় ধরনের বিমান চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে যা জাতীয় স্বার্থে বড় অবদান রাখবে।
দ্রুততম সময়ে বাণিজ্যিক বিমান উড্ডয়ন নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনী এ ব্যাপারে সব ধরনের সহায়তা প্রদান করবে।









Discussion about this post