বিনোদন ডেস্ক
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে স্বস্তি পেলেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। একই সঙ্গে তার কাছ থেকে আদায় করা প্রায় ৭৬৫ কোটি টাকা (৫৫ মিলিয়ন ইউরো) সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের কর কর্তৃপক্ষের দাবি ছিল ২০১১ সালে শাকিরা দেশটিতে ১৮৩ দিনের বেশি সময় অবস্থান করেছিলেন। স্পেনের আইন অনুযায়ী, কেউ এক বছরে ১৮৩ দিন বা তার বেশি সময় দেশটিতে থাকলে তাকে করদাতা হিসেবে বিবেচনা করা হয়।
তবে আদালত রায়ে বলেছেন, কর কর্মকর্তারা তাদের দাবির পক্ষে পর্যাপ্ত ও সুনির্দিষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। আদালতের হিসাব অনুযায়ী, ওই বছরে শাকিরা স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন, যা করযোগ্য সময়সীমার চেয়ে ২০ দিন কম।
রায়ে আদালত শাকিরার ওপর আরোপিত জরিমানাকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেন। ফেরতযোগ্য অর্থের মধ্যে রয়েছে প্রায় ৩৩৪ কোটি টাকা (২৪ মিলিয়ন ইউরো) আয়কর এবং প্রায় ৩৪৮ কোটি টাকা (২৫ মিলিয়ন ইউরো) জরিমানা।
এক বিবৃতিতে শাকিরা বলেন, আদালত অবশেষে সত্যকে সামনে এনেছেন। গত আট বছর ধরে আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। এই দীর্ঘ সময় আমি অসংখ্য রাত নির্ঘুম কাটিয়েছি, যার প্রভাব আমার স্বাস্থ্য ও পরিবারের ওপর পড়েছে।
তিনি আরও বলেন, আমি কোনো কর ফাঁকি দিইনি এবং প্রশাসনও কখনো তা প্রমাণ করতে পারেনি। পুরো বিষয়টি ছিল সাজানো। প্রায় এক দশক ধরে আমার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হয়েছে।










Discussion about this post