নিজস্ব প্রতিবেদক
চতুর্থ সিজন নিয়ে ফিরেছে কোক স্টুডিও বাংলা। প্রায় ছয় মাস বিরতির পর আজ প্রকাশ হয় এ সিজনের প্রথম গান। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুলসংগীত দিয়ে শুরু হয় এর যাত্রা। শুভেন্দু দাস শুভর সংগীত আয়োজনে গানটি গেয়েছেন মাহাতিম সাকিব।
গানের এ অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ দেশের শিল্পীদের সঙ্গে বিদেশি শিল্পীদের কোলাবরেশন। এবারও কয়েকজন বিদেশি শিল্পী অংশ নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। এর আগে ২০১৫ সালে কোক স্টুডিও ইন্ডিয়ায় বাংলা ও হিন্দি ভাষায় লালন শাহের ‘মনের মানুষ’ গানটি করেছিলেন তিনি।
১০ বছর পর কোক স্টুডিওতে ফিরেছেন অনুপম। নতুন সিজনও সাজানো হয়েছে বিভিন্ন ঘরানার শিল্পীদের নিয়ে। প্রাধান্য দেওয়া হয়েছে বাঙালি সংস্কৃতি ও লোকগানকে। এবারও কিউরেটর হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব। এ সিজনে গান গেয়েছেন মৌসুমী আক্তার সালমা, মাহাতিম সাকিব, সুনিধি নায়েক, শোয়েব, অঙ্কন কুমার, ব্যান্ড মেঘদলসহ অনেকে।
২০২২ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। প্রথম দুই সিজন সফলভাবে শেষ হলেও বিঘ্ন ঘটে তৃতীয় সিজনে। তিনটি গান প্রকাশের পর এক বছরের বেশি সময় থমকে ছিল কার্যক্রম। বিরতি কাটিয়ে গত বছরের অক্টোবরে নতুন গান নিয়ে ফেরে। দুই ভাগে প্রকাশ হওয়া তৃতীয় সিজনে ছিল আটটি গান।
গত বছরের নভেম্বরে রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ গান দিয়ে শেষ হয়েছিল তৃতীয় সিজন।









Discussion about this post