স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিসরের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল স্কালোনির দলকে নতুন রূপে দেখা যেতে পারে। কেপ ভার্দের বিপক্ষে খেলা আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনার পরিকল্পনা করছেন আর্জেন্টিনা কোচ।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মিশরের বিপক্ষে শুরুর একাদশে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজ। তাদের জায়গা করে দিতে একাদশের বাইরে থাকতে পারেন ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ।
কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে শুরু থেকে খেলেননি তাগলিয়াফিকো। তবে ফাকুন্দো মেদিনার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এবার বাঁ দিকের রক্ষণে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে শুরু থেকেই দেখা যেতে পারে।
মিডফিল্ডেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। থিয়াগো আলমাদার জায়গায় একাদশে ফিরতে পারেন লিয়ান্দ্রো পারেদেস। আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা এই অভিজ্ঞ মিডফিল্ডারকে মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারেন স্কালোনি।আক্রমণভাগেও আসতে পারে পরিবর্তন। লাউতারো মার্তিনেজের পরিবর্তে শুরু থেকে খেলতে পারেন হুলিয়ান আলভারেজ। কাবো ভার্দের বিপক্ষে লাউতারোর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন আলভারেজ।
আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, মিশরের বিপক্ষে এই তিন পরিবর্তন প্রায় নিশ্চিত। তার তথ্য অনুযায়ী, পারেদেস, তাগলিয়াফিকো ও আলভারেজকে নিয়েই একাদশ সাজানোর পরিকল্পনা রয়েছে স্কালোনির।
এদিকে মিসরের বিপক্ষে ম্যাচের আগে লিওনেল মেসির ফিটনেস নিয়েও কথা বলেছেন আর্জেন্টিনা কোচ। কেপ ভার্দের বিপক্ষে ৩৯ বছর বয়সী মেসি অতিরিক্ত সময়সহ পুরো ১২০ মিনিট খেলেছিলেন। সেই ম্যাচে দলের প্রথম গোলও করেছিলেন তিনি।
মেসির শারীরিক অবস্থা নিয়ে স্কালোনি বলেন, ‘লিও ভালো আছে। ৩৯ বছর বয়সে ১২০ মিনিট খেলার পরও সে কোনো সমস্যার কথা জানায়নি।’
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে আছেন মেসি। চার ম্যাচে সাত গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আর্লিং হলান্ডের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন তিনি।
গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় নিয়ে শেষ ষোলোতে উঠেছে আর্জেন্টিনা। তারা আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারায়। এরপর কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে ৩-২ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।
মিশরের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার অভিযানে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের পর চতুর্থবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে লিওনেল মেসির দল।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হতে পারে—এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।










Discussion about this post