নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নজির আহমদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর পুত্রবধূ, নাতি ও সন্তানদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সোমবার (১৯ অক্টোবর) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গর্জনিয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নজির আহমদ ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে নজির আহমদের সঙ্গে তাঁর পুত্রবধূ, নাতি ও সন্তানদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, বৃদ্ধ নজির আহমদের মৃত্যুর ঘটনায় জোয়ারিয়ানালার গর্জনিয়াপাড়া এলাকায় শোকের ছায়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।









Discussion about this post