ক্রীড়া প্রতিবেদক :
আরব আমিরাতে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে ভালো ফলাফল করতে চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশ ছাড়ার আগে সোমবার মতিঝিলের বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের টিম ম্যানেজার মো. আতাউর রহমান খান, হেড কোচ লডেভাইক দারিউস ডি ক্রুইফ এবং দলের অধিনায়ক মো. আলিফ রহমান ইমতিয়াজ।
আসন্ন বাছাইপর্বে বাংলাদেশ ‘সি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপের অন্যান্য দলগুলো হলো স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও (চীন)।
মূল প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাত যাওয়ার আগে জর্ডানে একটি প্রি-টুর্নামেন্ট প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেবে। সেখানে আগামী ২৯ অক্টোবর ও ২ নভেম্বর জর্ডান অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের সাথে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দল।
প্রস্তুতি ক্যাম্প ও প্রীতি ম্যাচে অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ দল ২৬ অক্টোবর রাত ৯টা ৪৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের EY383 ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্ডানের উদ্দেশ্যে যাত্রা করবে।
সংবাদ সম্মেলনে দলের হেড কোচ ও অধিনায়ক আসন্ন বাছাইপর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে ইতিবাচক ফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা দলের সাফল্য কামনায় দেশবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।









Discussion about this post