নিজস্ব প্রতিবেদক :
ঢাকার কেরানীগঞ্জে একটি খেলনা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার কালিন্দী ইউনিয়নের আতাশুর এলাকায় সাততলা ভবনের সপ্তম তলায় অবস্থিত এসএস টয় কারখানায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় দুপুর ২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত দুজনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, কারখানার অগ্নিনিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।#










Discussion about this post