গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এরপর তারা সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের তৈরি হয়।
পুলিশ জানায়, শনিবার গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ-এর আশপাশে কয়েকটি শিল্প কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতর ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তারা সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করেন। এ সময় একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করেন শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা আন্দোলনের পর পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করলে বেলা সাড়ে ১১টায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬-৭টি কারখানার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলে আসেন। কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা পালিয়ে যান। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি আরও বলেন, শিল্প পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।










Discussion about this post