ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের আওতাধীন রেজিস্টার্ড অ্যাথলেট জান্নাত বেগম (বাংলাদেশ সেনাবাহিনী) এবং কবিতা রায় (বাংলাদেশ নৌবাহিনী)-এর লিঙ্গ নির্ধারণ বিষয়ে স্ব-স্ব সংস্থার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ জানানো হয়।
এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে একটি ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে অ্যাথলেটদের শারীরিক পরীক্ষা কার্যক্রম শুরু করে। যা গত ১১ মে, ২০২৬ তারিখে শেষ হয় এবং মেডিকেল বোর্ড গত ১৬ মে, ২০২৬ তারিখে তাদের চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনের নিকট হস্তান্তরের মাধ্যমে মতামত প্রকাশ করে।
মেডিকেল বোর্ডের চূড়ান্ত ফলাফল: মেডিকেল বোর্ডের প্রতিবেদন অনুযায়ী অ্যাথলেট জান্নাত বেগম (বয়স: ২৮ বছর) এবং কবিতা রায় (বয়স: ১৯ বছর)-এর হরমোন ও শারীরিক পরীক্ষায় 46, XY DSD (Differences of Sex Development) ধরা পড়েছে, যা চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী তাদের পুরুষ হিসেবে চিহ্নিত করে। বিজ্ঞ বোর্ডের প্রতিবেদন অনুযায়ী উভয় অ্যাথলেটের পেনোস্ক্রোটাল হাইপোস্পেডিয়াস (Penoscrotal Hypospadias) রয়েছে এবং উভয় গোনাড (জননগ্রন্থি) ইনগুইনাল ক্যানেলে অবস্থিত।
রক্তে টেস্টোস্টেরনের মাত্রার ক্ষেত্রে দেখা যায়:
জান্নাত বেগম : টেস্টোস্টেরনের মাত্রা 19.66 nmol/L, যা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের নির্ধারিত সর্বোচ্চ সীমা (2.5 nmol/L) অপেক্ষা প্রায় ৮ গুণ বেশি।
কবিতা রায় : টেস্টোস্টেরনের মাত্রা 16.50 nmol/L, যা নির্ধারিত সীমা (2.5 nmol/L) অপেক্ষা সাড়ে ৬ গুণেরও বেশি।
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের বিধিমালা: ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স-এর DSD বিধিমালা (সংস্করণ ৩.০, ৩১ মার্চ ২০২৩ থেকে কার্যকর) অনুযায়ী, নারী বিভাগে অংশগ্রহণের জন্য অ্যাথলেটের টেস্টোস্টেরনের মাত্রা টানা ২৪ মাস ধরে ২.৫ nmol/L-এর নিচে থাকা বাধ্যতামূলক। উভয় অ্যাথলেটই এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত: ১৫ই আগস্ট (শনিবার) ২০২৬ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ২য় সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
১. নিষেধাজ্ঞা: অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায় চিকিৎসা শাস্ত্র ও বিশ্ব সংস্থার বিধি অনুযায়ী পুরুষ বিবেচিত হওয়ায় তাদের নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো।
২. পদক বাতিল ও বডিলি শিফট:
• জান্নাত বেগম: জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে অর্জিত ২টি নতুন জাতীয় রেকর্ডসহ ৮টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক বাতিল করা হলো।
• কবিতা রায়: ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার ইভেন্টে অর্জিত ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক বাতিল করা হলো।
• উক্ত ইভেন্টগুলোর পদকসমূহ তালিকায় পরবর্তী স্থানে থাকা অ্যাথলেটদের মাঝে আইনানুযায়ী পুনঃবণ্টন (বডিলি শিফট) করা হবে।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ক্রীড়াঙ্গনে বিশ্ব অ্যাথলেটিক্সের সঠিক নিয়ম-নীতি অনুসরণ, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।










Discussion about this post