মাসুদ রানা, নাগোয়া (জাপান) থেকে:
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে উশুতে বাংলাদেশের জন্য পদক নিশ্চিত করেছেন জিন্নাত আক্তার।
নারীদের ৫২ কেজি ওজন শ্রেণির লড়াইয়ে ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্টিনাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের এই উশু খেলোয়াড়।
তবে জিন্নাতের এই জয় এসেছে প্রতিপক্ষের ডিসকোয়ালিফিকেশনে। নির্ধারিত ওজনের চেয়ে বেশি ওজন হওয়ায় ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্টিনাকে অযোগ্য ঘোষণা করা হয়। ফলে জিন্নাত আক্তারকে বিজয়ী ঘোষণা করেন কর্তৃপক্ষ।
বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু জানান, জিন্নাত সেমিফাইনালে ওঠায় অন্তত একটি পদক নিশ্চিত করেছেন।
আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সেমিফাইনালে চীনের এক প্রতিযোগীর মুখোমুখি হবেন তিনি।
দিলদার হোসেন দিলু বলেন, ‘জিন্নাত সেমিফাইনালে জিততে পারলে আমরা স্বর্ণপদকের লড়াইয়ে যাব। আর সেমিফাইনালে হারলেও তার ব্রোঞ্জ পদক নিশ্চিত।’ এর আগে ৫২ কেজি ওজন শ্রেণির প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন জিন্নাত আক্তার। ফলে সরাসরি পরের ধাপে খেলার সুযোগ পান তিনি। এদিকে পুরুষদের ৫৬ কেজি ওজন শ্রেণিতে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সজীব হোসেনের অভিযান শেষ হয়েছে। চীনের প্রতিযোগী জিয়ামিনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পরাজিত হন তিনি। পরের রাউন্ডে আর অংশ নিতে পারেননি সজীব; ওয়াকওভার দেওয়ায় প্রতিযোগিতা থেকে বিদায় নেন বাংলাদেশের এই উশু খেলোয়াড়।










Discussion about this post