মাসুদ রানা, নাগোয়া (জাপান) থেকে:
হার আর হতাশার পরাজয়ের হিসাবেই কেটেছে এশিয়ান গেমসে বাংলাদেশের রবিবার। নারী হকিতে চীনের কাছে ১৩-০ গোলের বিধ্বস্ত হার, টেবিল টেনিসে পুরুষ ও নারী—দুই বিভাগেই ৩-০ ব্যবধানে পরাজয়। সাঁতারে হিটেই বিদায়, শুটিংয়ে ফাইনালে উঠতে ব্যর্থ তিন শুটার, কারাতেতেও ৫-০ পয়েন্টে হার।
নারী হকিতে চীনের গোলবন্যার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে চার গোল, দ্বিতীয় কোয়ার্টারে আরও তিন গোল। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান ১১-০ করার পর শেষ কোয়ার্টারে আরও দুই গোল করে ১৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে চীন।
টেবিল টেনিসে পুরুষ দলগত বিভাগে কাজাখস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মোহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল ইমন ও রামহীম বম লিয়ন—তিনজনই নিজ নিজ ম্যাচে ০-৩ সেটে পরাজিত হন।
নারী দলগত বিভাগেও একই ফল। চাইনিজ তাইপের কাছে ৩-০ ব্যবধানে হেরেছেন সোনম সুলতানা সোমা, নওরিন আক্তার মাহি ও সামান্থা তুশি।
সাঁতারে নারীদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৩৬.৬১ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে সপ্তম হন মুক্তি খাতুন। ফলে হিটেই শেষ হয় তার অভিযান।
শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের তিন নারী শুটার। শাফা বিন শাহেদ ৩৮তম, সাজিদা হক ৪০তম ও মেহনাজ শারমিন ৪৬তম হয়ে বাছাই পর্ব শেষ করেন।
কারাতেতেও জয় আসেনি। বাংলাদেশের সিয়াম হোসেন মালয়েশিয়ার হরি শংকরের কাছে ৫-০ পয়েন্টে হেরে বিদায় নেন। ফলে বাংলাদেশের দিনটি শেষ হয়েছে পরাজয়ের হতাশা নিয়ে।
ক্রিকেটে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হেরে এশিয়ান গেমসের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দলের। তবে সোনার লড়াই থেকে ছিটকে গেলেও পদকের আশা এখনো শেষ হয়ে যায়নি। আগামী মঙ্গলবার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।










Discussion about this post