গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই ছাত্রদল নেতাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ছাত্রদল নেতার নাম মো. রিজভী (২৪)। তিনি শ্রীপুর উপজেলার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন এবং মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন রিজভী। বিষয়টি জানতে পেরে ছাত্রীর পরিবার রিজভীর মা-বাবাকে জানালে তারা ছেলেকে শাসন না করে উল্টো ছাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু ছাত্রীর পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে রিজভী ক্ষুব্ধ হন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে ওই কলেজছাত্রী বাসার সামনে একটি দোকানে কেনাকাটা করতে যান। এ সময় রিজভী কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে ছিলেন। ছাত্রী দোকানের সামনে পৌঁছালে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যান তারা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ছাত্রীর পরিবার রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অন্যদিকে, সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভীকে তার পদ থেকে বহিষ্কার করা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত রিজভীর মোবাইল ফোন বন্ধ রয়েছে। শ্রীপুরের মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর থেকেই ভুক্তভোগী কলেজছাত্রীকে উদ্ধারে স্বজনদের দেয়া বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।










Discussion about this post