বিনোদন ডেস্ক
দলীয় পরাজয়ে স্বাভাবিকভাবেই হতাশ টলিউড অভিনেতা ও সাংসদ দেব (দীপক অধিকারী)। তবে এই রাজনৈতিক ধাক্কার মধ্যেও একটি বিষয়ে স্বস্তি খুঁজে পেয়েছেন তিনি। তার মতে, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে চলে আসা ‘ব্যান সংস্কৃতি’ এবার বন্ধ হতে পারে।
দেব বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ব্যান করতে পারবে না। প্রযোজকদের ওপর জোর করে নিয়ম চাপিয়ে দেওয়া যাবে না। এখন কাজের পরিবেশ স্বাভাবিক হবে, কাজের পরিমাণও বাড়বে। বাইরে থেকেও কাজ আসবে।’ তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, অতীতের ভুল যেন নতুন করে না ঘটে।
নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই অভিনেতা-সাংসদ বলেন, ইন্ডাস্ট্রির বাস্তবতা বুঝে পাশে দাঁড়ালে বাংলা চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াতে পারবে।
রাজনীতিতে নিজের ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছেন দেব। তিনি বলেন, ‘আর রাজনীতিতে বেশি জড়াতে চাই না। আগের মতো অভিনয়েই মন দিতে চাই।’ তবে ইন্ডাস্ট্রির স্বার্থে সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে ব্যক্তিগত জীবনেও কঠিন সময় পার করেছেন দেব। নির্বাচনের ফল প্রকাশের দিনই প্রিয় পোষ্যের মৃত্যু তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লাকির মৃত্যুটা আমার জন্য বড় ধাক্কা ছিল। এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন।’
রাজনৈতিক পালাবদল প্রসঙ্গে দেব বলেন, বাস্তবতা মেনে নিয়েই এগোতে হয়। দলের হার কষ্টের হলেও তিনি তা মেনে নিয়েছেন।
দলবদল নিয়ে গুঞ্জন প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে দেব বলেন, ‘আমি রাজনীতি করতে চাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই রাজনীতিতে এসেছি। রাজনীতি না করলেও আমার জীবন চলবে।’
টালিউড ইন্ডাস্ট্রিতে ‘ব্যান সংস্কৃতি’ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে দেব বলেন, তিনি সব সময়ই শিল্পীদের পাশে থেকেছেন। ‘আমি আগে একজন অভিনেতা, পরে রাজনীতিবিদ’- এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
সব মিলিয়ে রাজনৈতিক পরাজয়ের মধ্যেও ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকতে চান দেব।










Discussion about this post