বিনোদন ডেস্ক
ব্রেন টিউমার ও দীর্ঘ চিকিৎসা শেষে অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে দীর্ঘ ৯ মাস শুটিংয়ের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি ইকসান রনির পরিচালনায় অংশীদার নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার মাধ্যমে তিনি আবার ক্যামেরার সামনে ফেরেন। নাটকটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইকসান রনি। এর সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। সমাজে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার আদায়ের সংগ্রাম এতে তুলে ধরা হয়েছে। তানিয়ার সঙ্গে এই নাটকে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। প্রথমে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার হয়। দীর্ঘ চিকিৎসা, কঠোর বিশ্রাম এবং কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয় তাকে। গত ৩ অক্টোবর নিজের ফেসবুক লাইভে এসে তিনি শারীরিক অবস্থার উন্নতির কথা জানান।
নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল ও একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।










Discussion about this post