ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি ডিমবাহী পিকআপ উদ্ধারকাজ চলাকালে যাত্রীবাহী বাসের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কে উল্টে যায়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারের জন্য পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
গুরুতর আহত কয়েকজনকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং উদ্ধারকাজ পরিচালনা করেন।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালায় এবং অন্তত একটি বাসে অগ্নিসংযোগ করে।
এ বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।










Discussion about this post